বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত)’ এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি উপাচার্য পদে প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সকল সুবিধা ভোগ করবেন এবং আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের কৃতি সন্তান। তার এ নিয়োগে নরসিংদীবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।