মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ – স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হৃদয়বিদারক এক ঘটনায় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মৃত্যুবরণ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।
আনিছুর রহমানের ছোট ভাই মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বড় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে তাঁদের ছোট বোন রাশিদা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন।
মো. আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
একই দিনে পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।