পবিত্র মাহে রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়, বরং সহমর্মিতা ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়ারও সময়। সেই মানবিক বোধ থেকেই বগুড়ায় অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মুখে হাসি ফোটাতে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সেবামূলক সংগঠন ‘নোভা ফাউন্ডেশন’। শনিবার (০৭ মার্চ, ২০২৬) সকালে বগুড়া শহরের রহমাননগর এলাকায় সংগঠনটির উদ্যোগে ৫ম ধাপে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ‘রমজান উপহার’।
বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দিক-নির্দেশনায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হায়দার। ফাউন্ডেশনের দীর্ঘদিনের এই কার্যক্রম প্রসঙ্গে নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হায়দার বলেন, “রমজানে সামর্থ্যবানরা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারলেও অনেক নিম্নবিত্ত পরিবারের জন্য পুষ্টিকর ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। আমরা সেই অভাব কিছুটা লাঘব করার লক্ষ্য নিয়ে বিগত নয় বছর ধরে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের সার্থকতা।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এছাড়া, যে কেউ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সাহায্যের আবেদন করতে পারেন অথবা আমাদের পাশে দাঁড়িয়ে এই মানবিক কাজের অংশীদার হতে পারেন। এ সময় নোভা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফরিদ হায়দারসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোভা ফাউন্ডেশন শুধুমাত্র রমজান মাসেই নয়, বরং সারা বছরই বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে। শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়া, শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার সহায়তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি বগুড়াবাসীর আস্থা অর্জন করেছে।